গিনেস বুকে জায়গা পেল অর্জুন-দীপিকার সিনেমা

Share

মুক্তির আগেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ‘রাকা’। পরিচালক অ্যাটলির এই সাই-ফাই অ্যাকশন-ফ্যান্টাসি সিনেমায় একসঙ্গে ৩৭ জন শিল্পীকে নিয়ে মোশন ক্যাপচার শুটিং করা হয়েছে, যা বিশ্বে প্রথম বলে জানানো হয়েছে। এর আগে বড় চলচ্চিত্র নির্মাণে একসঙ্গে দুই থেকে তিনজন শিল্পীকে নিয়ে মোশন ক্যাপচার শুটিংয়ের নজির থাকলেও ‘রাকা’র সেটে নেওয়া হয়েছে আরও বড় পরিসরের এই উদ্যোগ। হায়দরাবাদে বিশেষ মোশন ক্যাপচার স্টুডিও তৈরি করে প্রযুক্তিগত কাজটি সম্পন্ন করা হয়েছে। সিনেমাটির ভিএফএক্সের দায়িত্বে রয়েছে লস অ্যাঞ্জেলেসের লোলা ভিএফএক্স। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৮০০ কোটি রুপি বাজেটের সিনেমাটিতে স্পেশাল এফেক্টসের জন্যই প্রায় ৩০০ কোটি রুপি ব্যয় হচ্ছে। ‘রাকা’য় একই পরিবারের চার প্রজন্মের চার চরিত্রে দেখা যাবে অল্লু অর্জুনকে। সিনেমাটির সিনেমাটোগ্রাফির দায়িত্বে আছেন জি কে বিষ্ণু। অ্যাটলির সঙ্গে কাজ করেছেন হলিউডের একাধিক বড় প্রজেক্টে যুক্ত শিল্পীরাও।