বিচারকের আসনে রুহানী সালসাবিল

Share

উপস্থাপনা, নৃত্য ও স্থাপত্য পেশার পাশাপাশি এবার বিচারকের দায়িত্বও পালন করলেন রুহানী সালসাবিল। ‘শাপলা কুঁড়ি ২০২৬’-এর ঢাকা বিভাগের নৃত্য প্রতিযোগিতায় বিচারকের আসনে দেখা গেছে তাকে। এর আগেও জাতীয় পর্যায়ের বিভিন্ন নৃত্য প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। ছোটবেলা থেকেই নৃত্যের সঙ্গে যুক্ত রুহানী। জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় মনিপুরী নৃত্যে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। বিচারকের আসনে বসার অভিজ্ঞতাকে আনন্দ ও আবেগের বলে উল্লেখ করে তিনি জানান, ছোটবেলায় প্রতিযোগিতায় অংশ নিতে বগুড়া থেকে ঢাকায় আসতেন। এবার নিজের শৈশবের সেই নৃত্যজগতের বিচারকের আসনে বসে পুরোনো স্মৃতিও মনে পড়েছে তার। বর্তমানে উপস্থাপনার কাজেও ব্যস্ত রুহানী। বিটিভি, আরটিভি, এসএটিভি, দেশ টিভি ও একটি অনলাইন প্ল্যাটফর্মের বিভিন্ন অনুষ্ঠানে তাকে উপস্থাপনায় দেখা যাচ্ছে। পাশাপাশি পেশায় স্থপতি হিসেবে নিজের অফিসের কাজও সামলাচ্ছেন তিনি। তবে নানা ব্যস্ততার মধ্যেও পরিবার ও একমাত্র সন্তান শীর্ষকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন রুহানী। সন্তানকে ভবিষ্যতে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই এখন তার সবচেয়ে বড় স্বপ্ন।