একসময় খাবারের জন্য নাচতেন, ফুটপাতেই ঘুমাতেন মিঠুন চক্রবর্তী

Share

বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার আগে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে মিঠুন চক্রবর্তীকে। সম্প্রতি ফারাহ খানের ইউটিউব ভ্লগে নিজের শুরুর দিনের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেছেন বর্ষীয়ান এই অভিনেতা। মিঠুন জানান, একসময় পার্টিতে নাচের বিনিময়ে পারিশ্রমিক নিতেন না, শুধু রাতে খাবারের সুযোগ পেতেন। জীবনের এমন সময়ও গেছে, যখন ক্লান্ত হয়ে হাঁটতে হাঁটতে ফুটপাতেই ঘুমিয়ে পড়তেন। সকালে ঘুম ভাঙার পর নিজেকে ফুটপাতে আবিষ্কার করতেন তিনি। কখনো বাগানেও রাত কাটানোর কথা জানান অভিনেতা। ১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় মিঠুনের। প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। পরবর্তী সময়ে ‘সুরক্ষা’, ‘ডিস্কো ড্যান্সার’, ‘ড্যান্স ড্যান্স’সহ একাধিক সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। চার দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ৩৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন মিঠুন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি ফিল্মফেয়ারসহ নানা সম্মাননা পেয়েছেন তিনি। ২০২৪ সালে পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারেও সম্মানিত হন এই অভিনেতা।