শরতের নীল আকাশ, সাদা মেঘ আর কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে কাশবনে ছুটে গেলেন অভিনেত্রী পূজা চেরী। সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কাশবনে তোলা বেশ কিছু ছবি শেয়ার করেন তিনি। ছবিতে ফিরোজা রঙের শাড়িতে কাশফুলের মাঝে দেখা গেছে পূজাকে। কখনো কাশবনের মধ্যে দাঁড়িয়ে, আবার কখনো গাছের ছায়ায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দেখা যায় তাকে। ছবির ক্যাপশনে পূজা লিখেছেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা—শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প!’ তার এই পোস্টে ভক্ত-অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে এবং জানিয়েছেন আগাম পূজার শুভেচ্ছা। অভিনয়ে অবশ্য কিছুটা নীরব সময় কাটাচ্ছেন পূজা। সর্বশেষ সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।