বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানকে নিয়ে বর্তমানে সরগরম সোশ্যাল মিডিয়া। সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘বর্ডার ২’-এর একটি গান মুক্তির পর থেকেই নেটিজেনদের একাংশের তীব্র কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। অভিযোগ উঠেছে, গানের অত্যন্ত আবেগঘন ও দুঃখের দৃশ্যেও নাকি বরুণের মুখে লেগে থাকছে সেই ‘বাঁকা হাসি’।
অভিনেতার অভিব্যক্তি বা এক্সপ্রেশন নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি তুঙ্গে, ঠিক তখনই নিজের ‘স্টুডেন্ট’-এর হয়ে ঢাল হয়ে দাঁড়ালেন তার মেন্টর ও বিশিষ্ট নির্মাতা করণ জোহর। ট্রোলদের উদ্দেশ্যে দিলেন কড়া হুঁশিয়ারি। বরুণের সমালোচকদের সপাটে জবাব দিয়ে করণ জোহর বলেন, “আপনারা একজন শিল্পীকে তাঁর হাসি নিয়ে ব্যঙ্গ করতেই পারেন।
কিন্তু ছবিটা মুক্তি পাওয়ার পরে যখন প্রেক্ষাগৃহ ভরে উঠবে এবং দর্শকের নিখাদ ভালোবাসা পাবে, তখন তিনিই আপনাদের হেসে উড়িয়ে দেবেন।” করণ জোহর মনে করিয়ে দেন, আজকাল সোশ্যাল মিডিয়ায় যে যা খুশি বলতে পারে, কিন্তু দিনশেষে সত্য এবং যোগ্যতারই জয় হয়। বক্স অফিস সাফল্যই এই অযথা সমালোচনার মোক্ষম জবাব হবে বলে ইঙ্গিত দেন তিনি।
শুধু করণ জোহর নন, এই বিতর্কে মুখ খুলেছেন খোদ বরুণ ধাওয়ান ও ছবির প্রযোজক নিধি দত্ত। এক নেটিজেন বরুণের অভিনয় নিয়ে প্রশ্ন তুললে অভিনেতা পাল্টা খোঁচা দিয়ে লেখেন, “এই প্রশ্ন উঠেছে বলেই গানটা সফল হয়ে গেল। সবই ঈশ্বরের ইচ্ছা।” অন্যদিকে, প্রযোজক নিধি দত্ত আরও একধাপ এগিয়ে ট্রোলদের ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়েছেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি দেশাত্মবোধক ছবিতে অভিনয় করা অভিনেতাকে যারা এভাবে নিচে নামাচ্ছেন, তারা দেশদ্রোহী ছাড়া আর কিছু নন। দর্শকরাই এর উপযুক্ত জবাব দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।