২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘গোলস’ প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে গানটি। লিসা, আনিতা ও রেমার গাওয়া এই গানটিতে কে-পপ, ল্যাটিন পপ ও আফ্রোবিটসের মিশ্রণ থাকলেও ফুটবল ভক্তদের বড় একটি অংশ মনে করছেন, এতে বিশ্বকাপের আবেগ ও উন্মাদনা অনুপস্থিত।

ভক্তদের অভিযোগ, গানটির কথায় ফুটবল বা বিশ্বকাপের ঐক্যের চেয়ে ব্যক্তিগত গ্ল্যামার, সৌন্দর্য ও অর্থের বিষয় বেশি গুরুত্ব পেয়েছে। ফলে এটি বিশ্বকাপের অফিসিয়াল সংগীতের বদলে সাধারণ কোনো ক্লাব বা পপ গানের মতো মনে হচ্ছে।
সামাজিক মাধ্যমে অনেকে গানটির তুলনা করছেন শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ ও জাংকুকের ‘ড্রিমার্স’-এর সঙ্গে। তাদের দাবি, আগের বিশ্বকাপের গানগুলো যেভাবে দর্শকদের আবেগ ছুঁয়েছিল, ‘গোলস’ তা করতে ব্যর্থ হয়েছে।

তবে সমালোচনার মাঝেও গানটির জনপ্রিয়তা কম নয়। ইউটিউবে মুক্তির অল্প সময়ের মধ্যেই এর ভিউ ২৫ লাখ ছাড়িয়েছে।