মরণোত্তর সম্মাননায় ভূষিত হচ্ছেন কারিনা কায়সার

Share

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের স্মৃতিকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্রতিষ্ঠানটির পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘চরকি কার্নিভাল’-এ তাকে মরণোত্তর বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য কারিনা সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। তবে তার আকস্মিক মৃত্যুর পর তাকে প্রতিযোগিতার বাইরে রেখে বিশেষভাবে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে চরকি কর্তৃপক্ষ।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানিয়েছেন, কারিনার কাজ ও অবদান তাকে সাধারণ প্রতিযোগিতার গণ্ডির বাইরে নিয়ে গেছে। তাই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের আয়োজনে বিশেষ স্বীকৃতি প্রদান করা হবে।

আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য ‘চরকি কার্নিভাল’-এ ২০২৩ ও ২০২৪ সালে প্রকাশিত বিভিন্ন কনটেন্ট থেকে সেরা শিল্পী ও নির্মাতাদের পুরস্কৃত করা হবে। এরই মধ্যে সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে ভোটগ্রহণ শুরু হয়েছে, যেখানে দর্শকেরা তাদের পছন্দের কনটেন্ট ও শিল্পীদের জন্য ভোট দিতে পারছেন।

কারিনা কায়সারের প্রতি এই সম্মাননা তার সৃজনশীল অবদান এবং দর্শকদের হৃদয়ে রেখে যাওয়া স্মৃতির স্বীকৃতি হিসেবেই বিবেচিত হচ্ছে।