বয়স যেন তাঁর কাছে কেবলই একটি সংখ্যা। ৮৩ বছর বয়সেও কাজের প্রতি একই রকম নিষ্ঠা ও উদ্যম ধরে রেখেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। সম্প্রতি তিনি জানিয়েছেন, এক দিনেই ১২টি স্বল্পদৈর্ঘ্য ছবির শুটিং শেষ করেছেন। পাশাপাশি দুটি স্থিরচিত্রের কাজেও অংশ নিয়েছেন।
ব্যস্ত দিন শেষে গভীর রাতে নিজের ব্লগে অভিজ্ঞতা ভাগ করে নিয়ে অমিতাভ জানান, কাজই তাঁর সবচেয়ে বড় প্রেরণা। শুটিংয়ের ফাঁকেও ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগকে তিনি বিশেষ গুরুত্ব দেন। তাঁর মতে, দর্শকদের সঙ্গে এই সংযোগই একজন শিল্পীর পথচলাকে আরও অর্থবহ করে তোলে।
অমিতাভের এই কর্মনিষ্ঠা ও প্রাণশক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তাঁকে অধ্যবসায় ও পেশাদারিত্বের অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করছেন।
এদিকে, তাঁর হাতে রয়েছে বহুল প্রতীক্ষিত ‘কল্কি ২৮৯৮ এডি’ এর পরবর্তী কিস্তিসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প। বয়সের এই পর্যায়েও তাই থেমে নেই অমিতাভের ব্যস্ততা।