দীর্ঘ অপেক্ষার পর মুক্তির পথে এগোচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘সোলজার’। ছবিটির বাকি অংশের শুটিং শেষ করতে চলতি মাসেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওনা দেবে নির্মাতা সাকিব ফাহাদের টিম।
দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও সিন্ডিকেটবিরোধী গল্পে নির্মিত এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে এক ভিন্ন চরিত্রে। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ দুটি নারী চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী।। এছাড়া রয়েছেন তারিক আনাম খান ও তৌকীর আহমেদকে।
গত বছরের অক্টোবরে শুরু হওয়া ‘সোলজার’-এর বেশির ভাগ শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ব্যাংককে কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণের পর দেশে ফিরে একটি গানের বাকি অংশের কাজ শেষ করা হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে শেষ হবে সিনেমার শুটিং।
মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা না হলেও নির্মাতা জানিয়েছেন, ২০২৬ সালেই ছবিটি প্রেক্ষাগৃহে আসবে। অক্টোবর কিংবা ডিসেম্বর—দুই সময়ই বিবেচনায় রয়েছে। শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্মাতার মতে, শুধু ঈদ নয়, বছরের অন্যান্য সময়েও বড় বাজেটের ভালো সিনেমা মুক্তি পাওয়া উচিত। সেই ভাবনা থেকেই ‘সোলজার’কে ভিন্ন সময়ে দর্শকদের সামনে আনার পরিকল্পনা করা হচ্ছে।