ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন সরব সারা বিশ্ব, তখন সেই আবেগে শামিল হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের জার্সি পরা ছবি প্রকাশ করে নিজের প্রিয় দল ও প্রিয় ফুটবলারের নামও জানিয়েছেন তিনি।

রাজের মতে, খেলা বোঝার শুরু থেকেই ব্রাজিলের প্রতি তাঁর আলাদা টান রয়েছে। দলটির নান্দনিক ফুটবলই তাঁকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। আর ফুটবল তারকাদের মধ্যে তাঁর হৃদয়ের সবচেয়ে কাছের নাম রোনালদিনহো।
বিশ্বকাপ এলেই ব্রাজিলের খেলা নিয়মিত অনুসরণ করেন এই অভিনেতা। এবারও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছ থেকে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছেন তিনি।
র্যাম্প মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন শরিফুল রাজ। ‘আইসক্রিম’, ‘ন ডরাই’, ‘পরাণ’, ‘হাওয়া’, ‘গুণিন’, ‘দামাল’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’, ‘ওমর’ ও ‘ইনসাফ’–এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আলোচনায় থাকলেও, আপাতত বিশ্বকাপের রোমাঞ্চেও ডুবে আছেন এই অভিনেতা। আর সেই আবেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে তাঁর প্রিয় দল—ব্রাজিল।