ভালোবাসার মানুষকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ ফারিন খানের

Share
ভিন্নধর্মী চরিত্র ও গল্পনির্ভর কাজের মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী ফারিন খান। এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন দাম্পত্য জীবন, ভালোবাসা ও বিচ্ছেদের আবেগঘন গল্প নিয়ে নির্মিত একক নাটক ‘রোদের জোসনা’-য়।
নাটকে ফারিনকে দেখা যাবে ‘জোসনা’ চরিত্রে। বিয়ের পর স্বামী-স্ত্রীর সুখের সংসার চলতে থাকলেও হঠাৎ জোসনার মৃত্যু তাদের জীবনে নিয়ে আসে গভীর শূন্যতা। এরপর স্মৃতি, ভালোবাসা ও আবেগের টানাপোড়েন ঘিরেই এগিয়ে যাবে নাটকের গল্প। এতে ফারিনের বিপরীতে অভিনয় করছেন আবু হুরায়রা তানভীর।
নাটকটি প্রসঙ্গে ফারিন বলেন, গল্পটি এক নবদম্পতির সম্পর্কের নানা আবেগঘন মুহূর্ত ও জীবনের বাস্তব টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত। ঈদের পর এই নাটকের মাধ্যমেই নতুন উদ্যমে কাজে ফিরছেন তিনি।
টিভি নাটক ও ওয়েব কনটেন্টে ব্যস্ত সময় পার করা ফারিনের জন্য গেল ঈদও ছিল বেশ সফল। তাঁর অভিনীত ‘বলো ভালোবাসি’ নাটকটি দর্শকদের কাছ থেকে সবচেয়ে বেশি সাড়া পেয়েছে বলে জানান অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সক্রিয় রয়েছেন ফারিন। সম্প্রতি একটি সুগন্ধি পণ্যের মডেল হয়েছেন তিনি। একই সঙ্গে বড় পর্দায় কাজের প্রস্তুতিও চলছে। তাঁর হাতে রয়েছে কয়েকটি সিনেমার চিত্রনাট্য। পছন্দের গল্প ও শক্তিশালী চরিত্র পেলে চলতি বছরই চলচ্চিত্রে দেখা যেতে পারে এই অভিনেত্রীকে।