খ্যাতির ঝলকে নিজেকেই হারিয়েছিলাম: সামান্থা

Share

দক্ষিণী তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে টানা সাফল্য ও বিপুল জনপ্রিয়তা তাঁকে তারকাখ্যাতির প্রতি আসক্ত করে তুলেছিল। নতুন সিনেমা মা ইন্টি বাঙ্গারাম এর প্রচারণার ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছোট শহর থেকে উঠে এসে হঠাৎ পাওয়া তারকাখ্যাতি, দর্শকদের ভালোবাসা ও উচ্ছ্বাস তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল।

সামান্থার ভাষায়, এক বছরে পরপর পাঁচটি হিট সিনেমা উপহার দেওয়ার পর অনেকেই তাঁকে ‘গোল্ডেন লেগ’ বলতেন। সেই সময় তিনি মনে করতেন, যেকোনো মূল্যে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে হবে। ফলে নিজেকে কাজের মধ্যেই ডুবিয়ে রেখেছিলেন এবং আরও বেশি সিনেমা করার দৌড়ে ছিলেন।

তবে ২০২২ সালে মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার পর বাধ্য হয়ে কাজ থেকে বিরতি নেন অভিনেত্রী। সেই সময়ই তিনি উপলব্ধি করেন, অভিনয়জীবনও চিরস্থায়ী নয়। এই বিরতি তাঁকে নিজের সীমাবদ্ধতা, ভবিষ্যৎ এবং জীবনকে নতুনভাবে দেখতে শিখিয়েছে। সামান্থা জানান, সুস্থ হয়ে ফেরার পর তিনি কাজের ধরন ও জীবনযাপনের অনেক পুরোনো অভ্যাস বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে পরিচালক নন্দিনী রেড্ডি পরিচালিত ‘মা ইন্টি বাঙ্গারাম’ সিনেমায় আবারও দর্শকদের সামনে আসছেন সামান্থা। ২০১৯ সালের ‘ওহ! বেবি’ এর পর এই জুটি ফের একসঙ্গে কাজ করেছেন। পারিবারিক অ্যাকশন-কমেডি ঘরানার ছবিটি আগামী ১৯ জুন মুক্তি পাবে।