পরপর দুই ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর সাফল্যে দারুণ সময় পার করছেন অভিনেত্রী সাবিলা নূর। দর্শকের ভালোবাসা তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে পরিবার ও স্বামী নেহাল সুনন্দ তাহেরের সমর্থনকে নিজের শক্তির জায়গা হিসেবে উল্লেখ করেছেন।
‘রকস্টার’ ও ‘তাণ্ডব’-এ কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সাবিলা বলেন, শাকিব খানের তারকাখ্যাতির চেয়ে কাজের প্রতি তাঁর অদম্য আগ্রহ, নিষ্ঠা ও পেশাদার মনোভাবই তাঁকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। এত বছরের ক্যারিয়ারের পরও প্রতিটি চরিত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণার বলে মনে করেন তিনি।
বর্তমানে ছোট পর্দার চেয়ে বড় পর্দাতেই বেশি মনোযোগ দিতে চান সাবিলা। নতুন কয়েকটি চলচ্চিত্রের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, যার মধ্যে একটি প্রকল্প অনেক দূর এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই নতুন ছবির ঘোষণা আসতে পারে।
কাজের ব্যস্ততার ফাঁকে শিগগিরই যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাতে যাচ্ছেন এই অভিনেত্রী। নিউইয়র্কে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীতে অংশ নেওয়ার পর টেক্সাসে বাবা-মা ও বোনের সঙ্গে কিছুদিন কাটানোর পরিকল্পনা রয়েছে তাঁর।