ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’। পরিবারে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মজার দ্বন্দ্ব, খুনসুটি আর আবেগঘন মুহূর্ত নিয়েই এগিয়েছে এর গল্প।
নাটকে দেখা যাবে, এক পরিবারের জামাই ও শ্বশুর আর্জেন্টিনার সমর্থক। অন্যদিকে স্ত্রী ও শাশুড়ি ব্রাজিলের ভক্ত। প্রিয় দলকে ঘিরে তাদের তর্ক-বিতর্ক ও মজার প্রতিযোগিতা একসময় পারিবারিক ‘ফুটবল যুদ্ধে’ রূপ নেয়। এর সঙ্গে কিছু গোপন সমর্থকের উপস্থিতি গল্পে যোগ করে নতুন মোড়।
‘ফ্যান অব ব্রাজেন্টিনা’ নাটকটিতে অভিনয় করেছেন কামরুল তিহান, ডিম্পল আহমেদ, শাহিন মৃধা, সাহেলা আক্তার, ফারহান আক্তার ও সাবরিন মলিমাসহ আরও অনেকে। নাটকটির চিত্রনাট্য লিখেছেন বিশ্বজিৎ কুরি জিতু এবং পরিচালনা করেছেন ইফতেখার ইফতি।
নির্মাতাদের ভাষ্য, ফুটবলপ্রেমী দর্শকদের জন্য হাস্যরস ও পারিবারিক বিনোদনে ভরপুর এই নাটকটি শিগগিরই দর্পণ অরিজিনাল ড্রামা চ্যানেলে প্রচারিত হবে।