দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রিত সিং বরাবরই ফিটনেস সচেতন তারকা হিসেবে পরিচিত। নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপনের কারণে তিনি ভক্তদের কাছেও অনুপ্রেরণার নাম। তবে সম্প্রতি তিনি নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যা অতিরিক্ত আত্মবিশ্বাসের ঝুঁকি সম্পর্কে নতুন করে সতর্কবার্তা দিয়েছে।
একটি চ্যাট শোতে অংশ নিয়ে রাকুল জানান, জিমে ৮০ কেজি ডেডলিফট করার সময় নিরাপত্তা বেল্ট ব্যবহার না করায় তিনি গুরুতর চোট পান। সেই আঘাতের কারণে টানা ৪০ দিন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হয়েছিল।
অভিনেত্রীর ভাষ্য, সাধারণত তিনি ভারী ওজন তোলার সময় নিরাপত্তা বেল্ট ব্যবহার করতেন। কিন্তু দুর্ঘটনার দিন সেটি না পরার সিদ্ধান্তই বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
রাকুল বলেন, “সেই একটি ভুলের কারণে আমার ডিস্ক ইনজুরি হয়েছিল। ফলে প্রায় ৪০ দিন বিছানায় থাকতে হয়েছে। এটি শুধু শারীরিক নয়, মানসিকভাবেও আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে।”
তিনি জানান, হঠাৎ করে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। নিয়মিত ব্যায়াম, কাজকর্ম ও সক্রিয় জীবন থেকে দূরে থাকা তার জন্য ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং।
রাকুলের মতে, দীর্ঘ সময় শয্যাশায়ী থাকা একজন সক্রিয় মানুষের জন্য মানসিকভাবে খুবই কষ্টকর। শারীরিক যন্ত্রণার পাশাপাশি মানসিক চাপও তাকে বেশ ভুগিয়েছে।
এই কঠিন সময়ে স্বামী জ্যাকি ভগ্নানির সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন তিনি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ভারী ওজন তোলার সময় যথাযথ সুরক্ষা না থাকায় তার কোমরের নিচের অংশে গুরুতর আঘাত লাগে এবং স্নায়ুতন্ত্রের ওপরও চাপ পড়ে।
চোট পাওয়ার পরও কিছুদিন ব্যথানাশক ও পেশি শিথিলকারী ওষুধের সাহায্যে কাজ চালিয়ে গেলেও পরে চিকিৎসকদের পরামর্শে তাকে সম্পূর্ণ বিশ্রামে যেতে হয়।
বর্তমানে সুস্থ হয়ে আবারও কাজে ফিরেছেন রাকুল প্রিত সিং। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘পতি পত্নি অউর ও দো’, যা দর্শকদের মধ্যে আলোচনায় রয়েছে।