মুন্নাভাই ৩’ কেন হচ্ছে না

Share

দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি সঞ্জয় দত্তের মুন্না ও আরশাদ ওয়ার্সির সার্কিট। ২০০৬ সালে ‘লাগে রাহো মুন্না ভাই’ মুক্তির পর থেকেই ভক্তদের একটাই প্রশ্ন—কবে আসছে ‘মুন্নাভাই ৩’? বহু গুঞ্জনের পর এবার ছবিটির বর্তমান অবস্থা নিয়ে মুখ খুলেছেন পরিচালক রাজকুমার হিরানি ও অভিনেতা আরশাদ ওয়ার্সি।

এক সাক্ষাৎকারে রাজকুমার হিরানি জানান, ‘মুন্নাভাই ৩’ বাতিল হয়ে যায়নি। বরং ছবিটির জন্য একাধিক চিত্রনাট্য লেখা হয়েছে। তবে এখনো এমন একটি গল্প পাওয়া যায়নি, যা আগের দুই ছবির মান ছুঁতে পারবে।

হিরানির ভাষায়, নতুন গল্পের শুরু নিয়ে তাঁর কোনো সমস্যা নেই। তিনি বলেন, ‘ইন্টারভ্যাল পর্যন্ত চাইলে এখনই পাঁচটি মুন্নাভাই সিনেমা বানিয়ে ফেলতে পারি। কিন্তু ইন্টারভ্যালের পরের অংশটাই ঠিকমতো দাঁড় করাতে পারছি না।’

তিনি আরও বলেন, শুধু বক্স অফিসের কথা ভেবে এই ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি বানাতে চান না। তাঁর মতে, আগের দুটি ছবি দর্শকদের যে মানের অভিজ্ঞতা দিয়েছে, নতুন ছবিকেও অন্তত সেই উচ্চতায় পৌঁছাতে হবে।

অন্যদিকে অভিনেতা আরশাদ ওয়ার্সি জানিয়েছেন, ‘মুন্নাভাই ৩’-এর জন্য তিনটি প্রায় সম্পূর্ণ চিত্রনাট্য প্রস্তুত রয়েছে। তাঁর দাবি, প্রতিটি গল্পই অসাধারণ, কিন্তু কোথাও না কোথাও একটি গুরুত্বপূর্ণ অংশের ঘাটতি রয়েছে।

আরশাদের ভাষায়, ‘একটা ছোট্ট সংযোগ দরকার, যেন জিগস পাজলের শেষ টুকরোটা ঠিক জায়গায় বসে যায়। সেটা হলেই ছবির কাজ শুরু করা সম্ভব।’

সাক্ষাৎকারে ‘মুন্নাভাই’ সিরিজের জনপ্রিয় সংলাপ ‘জাদু কি ঝাপ্পি’ ও ‘গান্ধীগিরি’ নিয়েও কথা বলেন রাজকুমার হিরানি। তিনি বলেন, এসব সংলাপ মানুষের মুখে মুখে ফিরবে—এমনটা ভেবে কখনো লেখা হয়নি। গল্পের স্বাভাবিক প্রয়োজনে তৈরি হওয়া এই শব্দগুলোই পরে সাংস্কৃতিক ঘটনায় পরিণত হয়েছে।

মজার একটি তথ্যও শেয়ার করেন আরশাদ ওয়ার্সি। তিনি জানান, ‘লাগে রাহো মুন্না ভাই’-এর শুটিংয়ের সময় প্রথম ছবিতে সার্কিট চরিত্রে নিজের অভিনয়ই ভুলে গিয়েছিলেন। পরে রাজকুমার হিরানি তাঁকে প্রথম ছবির দৃশ্য দেখিয়ে আগের অভিনয়ের ধরণ মনে করিয়ে দেন।

হিরানি জানান, তিনি, চিত্রনাট্যকার অভিজাত যোশী, সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ার্সি এখনো নিয়মিত নতুন গল্প নিয়ে আলোচনা করছেন। তাঁর বিশ্বাস, সঠিক গল্প মিললেই ‘মুন্নাভাই ৩’ অবশ্যই নির্মিত হবে।