প্রায় দুই দশক পর মিসরের ঐতিহাসিক গিজার পিরামিড চত্বরে আবারও পারফর্ম করতে যাচ্ছেন বিশ্বখ্যাত পপতারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর ‘শাকিরা লাইভ অ্যাট দ্য পিরামিডস অব গিজা’ শীর্ষক বিশেষ কনসার্টে মঞ্চে উঠবেন তিনি।

এর আগে ২০০৭ সালে একই স্থানে কনসার্ট করেছিলেন এই গায়িকা। দীর্ঘ ১৯ বছর পর বিশ্বের অন্যতম প্রাচীন ঐতিহাসিক স্থানে ভক্তদের সামনে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাকিরা।
গিজার পিরামিডের এই আয়োজন করছে বিনোদন প্রতিষ্ঠান ভেঞ্চার লাইফস্টাইল। এর আগে প্রতিষ্ঠানটি জেনিফার লোপেজ, জন লেজেন্ড, কেটি পেরি ও ডেমি লোভাটোর মতো তারকার কনসার্ট আয়োজন করেছে।
মিসরের কনসার্টের আগে শাকিরা তাঁর ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে ১৮ নভেম্বর কাতারের দোহা এবং ২১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পারফর্ম করবেন।