প্রভাসকে কেন ঘোড়া পালতে বলেছিলেন রাজামৌলি

Share

ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সফল চলচ্চিত্র ‘বাহুবলী: দ্য বিগিনিং’ মুক্তির ১১ বছর পূর্তি উপলক্ষে ছবির শুটিংয়ের নেপথ্যের এক মজার স্মৃতি শেয়ার করেছেন অভিনেতা প্রভাস। তিনি জানিয়েছেন, বাহুবলীর মতো একজন শক্তিশালী ও দক্ষ যোদ্ধার চরিত্রে নিজেকে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পরিচালক এস এস রাজামৌলি তাকে বাড়িতেই একটি ঘোড়া রাখার পরামর্শ দিয়েছিলেন।

প্রভাস জানান, ছবির প্রস্তুতির অংশ হিসেবে তাকে নিয়মিত ঘোড়ায় চড়া, তলোয়ার চালানো এবং পাহাড়ে ওঠার মতো কঠোর প্রশিক্ষণ নিতে হয়েছিল। তবে কখনো কখনো তিনি ঘোড়ায় চড়ার অনুশীলন এড়িয়ে যেতেন এবং নানা অজুহাত দিতেন। বিষয়টি বুঝতে পেরে রাজামৌলি মজা করেই বলেছিলেন, প্রতিদিন অনুশীলন নিশ্চিত করতে বাড়িতে একটি ঘোড়া রেখে দিতে।

সেই ঘটনার কথা স্মরণ করে প্রভাস বলেন, “আমি অবাক হয়ে বলেছিলাম, বাড়িতে ঘোড়া! সত্যিই কি সিরিয়াস? তখন আমার অতিথিশালায় কয়েকটি হাঁস ছিল। রাজামৌলি বললেন, হাঁস নয়, ঘোড়া দরকার। প্রতিদিন ঘোড়ায় চড়তে হবে। তখন আমি হাসতে হাসতে বলেছিলাম, আপনার সিনেমার জন্য এখন কি আমাকে ঘোড়াও পালন করতে হবে?”

প্রভাসের ভাষায়, রাজামৌলির কাজের প্রতি নিষ্ঠা ও আপসহীন মনোভাবই ‘বাহুবলী’কে এতটা বাস্তবসম্মত করে তুলেছে। শুধু অভিনয় নয়, চরিত্রের প্রতিটি দিক বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে তিনি শিল্পীদের কঠোর প্রস্তুতির মধ্য দিয়ে নিয়ে যেতেন। সেই পরিশ্রমের ফলই দর্শক পর্দায় দেখতে পেয়েছেন।

এদিকে ‘বাহুবলী: দ্য টর্চবেয়ারার’ প্রামাণ্যচিত্রের একটি ভিডিও প্রকাশের পর নতুন করে ‘বাহুবলী ৩’ নিয়ে জল্পনা শুরু হয়েছে। ভিডিওতে অভিনেতা রানা দাগ্গুবাতি নতুন কিস্তির সম্ভাবনার ইঙ্গিত দেন। এরপর প্রভাসকে হাসিমুখে তিন আঙুল দেখাতে দেখা যায়, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। ভিডিওর শেষেও ‘And The Legacy Continues’ লেখা থাকায় অনেকের ধারণা, জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায় নিয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ২০১৭ সালের ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ভারতীয় চলচ্চিত্রে নতুন ইতিহাস গড়ে। বিশেষ করে দ্বিতীয় কিস্তিটি বিশ্বব্যাপী প্রায় ১ হাজার ৭৮৮ কোটি রুপি আয় করে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রগুলোর অন্যতম হয়ে ওঠে। বর্তমানে প্রভাস ‘ফৌজি’, ‘স্পিরিট’, ‘কাল্কি ২৮৯৮ এডি: পার্ট ২’ এবং ‘সালার: পার্ট ২’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।