তেলুগু সিনেমায় নতুন ইতিহাস গড়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তাঁর অভিনীত ‘মা ইন্তি বাঙ্গারাম’ প্রথম নারীপ্রধান তেলুগু সিনেমা হিসেবে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে।
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে এই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সামান্থা। ছবির সাফল্যে আবেগাপ্লুত এই অভিনেত্রী জানান, মুক্তির আগে দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। তবে দর্শকদের ভালোবাসায় সেই দুশ্চিন্তা দূর হয়েছে।
সামান্থার মতে, এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এটি নারীপ্রধান সিনেমার সম্ভাবনার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ বার্তা। এর আগে তেলুগুতে নারীপ্রধান ছবির সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিল কীর্তি সুরেশ অভিনীত ‘মহনতি’র দখলে, যার আয় ছিল ৮৩ কোটি রুপি।