বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘আনন্দসন্ধ্যা’। বাংলা সংস্কৃতি ও রবীন্দ্রচর্চাকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে গান, নৃত্য ও সম্মাননার মধ্য দিয়ে কবির সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
নিউইয়র্কের জুইস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন কিংবদন্তি রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও স্বপ্নীল সজীব। তারা রবীন্দ্রনাথের কালজয়ী গান পরিবেশন করে মুগ্ধ করেন উপস্থিত দর্শকদের।
অনুষ্ঠানে বাংলা সংস্কৃতি ও রবীন্দ্রসংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার স্বীকৃতি হিসেবে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানীর পক্ষ থেকে দুই শিল্পীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
বন্যা ও সজীব বলেন, রবীন্দ্রনাথের গান শুধু সুর নয়, এটি বাঙালির চেতনা ও ঐতিহ্যের অংশ। প্রবাসের মাটিতে এমন আয়োজন ও সম্মাননা তাদের আরও অনুপ্রাণিত করবে।
নৃত্যশিল্পী রাসেল আহমেদের পরিবেশনাও দর্শকদের প্রশংসা কুড়ায়। অ্যাবাউট টাইম ইভেন্টস আয়োজিত এ অনুষ্ঠানের শেষ পর্বে ‘পুরানো সেই দিনের কথা’ গানে শিল্পীদের সঙ্গে কণ্ঠ মেলান উপস্থিত দর্শকরা, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছে।