তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বীর জন্মদিন আজ (১৩ জুলাই)। বিশেষ এই দিনটি কোনো জাঁকজমক নয়, পরিবারের সঙ্গেই ঘরোয়া আয়োজনে কাটাচ্ছেন তিনি। শুটিং থেকে বিরতি নিয়ে দিনটি নিজের মতো করে উপভোগ করছেন এই অভিনেত্রী।
জন্মদিনের উপহার প্রসঙ্গে প্রিয়ন্তী জানান, এখনই কোনো উপহার নিতে চান না তিনি। দেশের প্রায় সবকিছুই তার রয়েছে, তাই আগামী মাসে বিদেশ ভ্রমণের সময় স্বামী সালমান আহমেদের কাছ থেকে কাঙ্ক্ষিত উপহারটি নিতে চান।
তিনি বলেন, জন্মদিনে পরিবারের সঙ্গে ছোট পরিসরে সময় কাটাবেন। দিনের শুরু করেছেন জিমে গিয়ে, আর রাতে পরিবারের সদস্যদের নিয়ে হবে বিশেষ আয়োজন।
২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসা প্রিয়ন্তী উর্বী পরে বিজ্ঞাপন ও অভিনয়ের মাধ্যমে শোবিজে নিজের অবস্থান তৈরি করেন। ‘ভেজা বিড়াল’ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করে ওটিটি ও টেলিভিশনে একাধিক প্রশংসিত কাজ উপহার দিয়েছেন তিনি।