প্রার্থিতা ফিরে পেলেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম

Share

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামসুল আলম। বাণিজ্য মন্ত্রণালয়ের আপিল বোর্ড রোববার (১২ জুলাই) তাদের প্রার্থিতা পুনর্বহালের সিদ্ধান্ত দেয়।

এর আগে পরপর দুই মেয়াদ একই পদে দায়িত্ব পালনের বিধি দেখিয়ে ৫ জুলাই নির্বাচন বোর্ড তাদের প্রার্থিতা বাতিল করেছিল। পরে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল করলে যাচাই-বাছাই শেষে আপিল বোর্ড তাদের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয়।

আপিল বোর্ডের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে খোরশেদ আলম খসরু বলেন, তিনি ন্যায়বিচার পেয়েছেন। শামসুল আলম জানান, এই সিদ্ধান্ত সত্যের জয় এবং আগামী ৮ আগস্টের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা করেন।

এবারের নির্বাচনে খোরশেদ-শামসুল প্যানেলের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছে আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল-কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু পরিষদ। দুই প্যানেলে মোট ৪২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।