ক্ষুদে গানরাজখ্যাত শিল্পী হুমায়রা ঈশিকা নতুন মৌলিক গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হয়েছেন। সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘পরাণ’। গানটি প্রকাশ করেছে এক্সেপশন এন্টারটেইনমেন্ট।
রোমান্টিক আবহের এই গানটির কথা ও সুর করেছেন মেজবা বাপ্পী, আর সংগীত পরিচালনা করেছেন তুহিন আহমেদ। ভালোবাসার অনুভূতিকে কেন্দ্র করে তৈরি গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
হুমায়রা ঈশিকা বলেন, অনেক যত্ন ও সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে ‘পরাণ’। গানটির সুর ও কথার সরলতা শ্রোতাদের আকৃষ্ট করবে বলে তার বিশ্বাস।
গানটির ভিডিওতেও রয়েছে নান্দনিক উপস্থাপনা। চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন আরএইচ রুহান, সৃজনশীল পরিচালনায় ছিলেন সিলভিয়া পারভেজ এবং পরিচালনা করেছেন মেজবা বাপ্পী।
প্রকাশের পর থেকেই গানটি সংগীতপ্রেমীদের নজর কাড়ছে। ‘পরাণ’ শ্রোতাদের প্লেলিস্টে জায়গা করে নেবে বলে আশাবাদী পুরো টিম।
চ্যানেল আইয়ের ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া হুমায়রা ঈশিকা এর আগে নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন। সংগীতে তিনি আব্দুল আউয়াল, সামিনা চৌধুরী, এসআই টুটুলসহ গুণী শিল্পীদের কাছে তালিম নিয়েছেন।