দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। তাদের এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাসরিফ শিক্ষার্থীদের দুর্ভোগের কথা তুলে ধরে সরকারের কাছে প্রশ্ন রাখেন, ‘শিক্ষার্থীদের চাপ দিয়ে পরীক্ষা নিলেন, তাদের চাপ নিতে পারবেন তো?’
তিনি বলেন, এইচএসসি পরীক্ষা এমনিতেই শিক্ষার্থীদের জন্য বড় মানসিক চাপের বিষয়। এর মধ্যে প্রতিকূল আবহাওয়ায় ভিজে, পানিবদ্ধ রাস্তা পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে অনেক শিক্ষার্থী ভোগান্তির শিকার হয়েছেন। এই পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা পেছানো যেত বলেও মন্তব্য করেন তিনি।
তাসরিফ আরও বলেন, শিক্ষার্থীরা যৌক্তিক দাবি নিয়ে কথা বললে তাদের নানা পরিচয়ে চিহ্নিত না করে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। তিনি শিক্ষার্থীদের কল্যাণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এদিকে, পরীক্ষার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবির মধ্যে রয়েছে দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা, অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ।