দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
সোমবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চমক প্রশ্ন তোলেন, বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কতটা মানবিক। তিনি লেখেন, ‘দেশের মানুষ বন্যার সঙ্গে যুদ্ধ করছে, এই মুহূর্তে পরীক্ষা নেওয়াটা কি আসলেই মানবিক?’
তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে চমকের বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
এর আগে একই ইস্যুতে সরব হয়েছিলেন সংগীতশিল্পী তাসরিফ খান। তিনি বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তির কথা তুলে ধরে সরকারের কাছে প্রশ্ন রাখেন।
এদিকে, পরীক্ষা স্থগিত, অনুপস্থিত পরীক্ষার্থীদের পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।