গত ২৩ জুন ববি এবং তার ব্যবসায়িক অংশীদার মির্জা বাশারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় একটি প্রতারণা ও মারধরের মামলা করেন মুহাম্মদ সাকিবউজ্জামান নামের এক ব্যবসায়ী। ওয়াইএনটি ক্যাফে নামের একটি রেস্টুরেন্ট ব্যবসার মালিকানা ও শেয়ার সংক্রান্ত লেনদেন নিয়ে এই বিরোধের সূত্রপাত। মামলার এজাহারে অভিযোগ করা হয়, রেস্টুরেন্ট ক্রয়ের জন্য ববি ও বাশারকে ৫৫ লাখ টাকা দেওয়া হলেও তারা ক্যাফেটি হস্তান্তর করেননি এবং টাকা ফেরত চাইলে উল্টো ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।
পূর্বনির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী, আজ বুধবার ১৫ জুলাই ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন ববি। আদালতে তার পক্ষে জামিনের আবেদন ও শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া।
শুনানি শেষে আদালত ববির স্থায়ী জামিন মঞ্জুর করেন। জামিনের শর্ত হিসেবে আদালত এক হাজার টাকার মুচলেকা (বেল বন্ড) প্রদানের আদেশ দেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শুরু থেকেই ইয়ামিন হক ববি এই অভিযোগকে মিথ্যা এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার একটি চক্রান্ত বলে দাবি করে আসছিলেন। জামিন পাওয়ার পর তার আইনি দল জানিয়েছে, তারা আইনি পথেই এই ভিত্তিহীন মামলার মোকাবিলা করবেন।