মুক্তিযোদ্ধা থেকে কিংবদন্তি অভিনেতা, কেমন আছেন ‘কুবের’?

Share

বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ও মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদ আজ ৭৩ বছরে পা রাখলেন। তবে জন্মদিনকে তিনি কখনো উৎসব হিসেবে দেখেন না। তাঁর কাছে দিনটি বাবা-মাকে স্মরণ করার উপলক্ষ। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, জন্মের কৃতিত্ব তাঁর নয়, তাই জন্মদিন মানেই তাঁর কাছে বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা আর স্মরণ।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পর স্বাধীন বাংলাদেশে মঞ্চ, বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রে দীর্ঘ পাঁচ দশকের অভিনয়জীবনে তিনি হয়ে উঠেছেন দেশের অন্যতম শক্তিমান অভিনেতা। ‘পদ্মা নদীর মাঝি’র কুবের, ‘ঘুড্ডি’, ‘দুখাই’, ‘লালসালু’সহ অসংখ্য চলচ্চিত্রে তাঁর অভিনয় আজও দর্শকের কাছে সমান জনপ্রিয়। ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা এখনও ভালো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে অভিনয় করছেন। শিগগিরই তাঁকে দেখা যাবে নতুন চলচ্চিত্র ‘আদম’-এ।