বলিউড সুপারস্টার শাহরুখ খান ও গৌরী খানের মুম্বাইয়ের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট বাড়িটির সংস্কার ও সম্প্রসারণের অনুমোদন বহাল রেখে জানিয়েছেন, প্রয়োজনীয় সব সরকারি ও পরিবেশগত ছাড়পত্র আইন মেনেই নেওয়া হয়েছে।
এর আগে গৌরী খান ‘মান্নাত’-এর বর্তমান ছয়তলা ভবনের ওপর আরও দুটি তলা যুক্ত করার পরিকল্পনা করেন। তবে ২০২৫ সালে এই প্রকল্পের পরিবেশগত অনুমোদন নিয়ে আদালতে আপত্তি তোলা হয়। পরে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) অনুমোদনকে বৈধ ঘোষণা করলে সেই সিদ্ধান্তই বহাল রাখেন সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট করে বলেন, আইন মেনে কেউ নিজের ব্যক্তিগত বাড়ির সংস্কার করতে চাইলে তাতে বাধা দেওয়ার কোনো কারণ নেই এবং এই রায় সম্পূর্ণ আইন ও তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে।
এই রায়ের ফলে ‘মান্নাত’ সম্প্রসারণের সব আইনি বাধা দূর হলো। এখন পরিকল্পনা অনুযায়ী ভবনটির সম্প্রসারণকাজ এগিয়ে নিতে পারবেন শাহরুখ ও গৌরী খান।