ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষা খাত পুনর্গঠনে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কলম্বিয়ান পপতারকা শাকিরা। ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর পক্ষে বৈশ্বিক সহায়তার আবেদন জানান।
শাকিরা বলেন, শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলার ৪৩০টির বেশি স্কুল ধ্বংস হওয়ায় হাজারো শিশুর শিক্ষা অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই স্কুল পুনর্নির্মাণ, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষা উপকরণ সরবরাহে জরুরি তহবিল প্রয়োজন। ইতোমধ্যে পর্তুগাল ও কানাডা সহায়তা দিয়েছে উল্লেখ করে তিনি ফ্রান্স, জার্মানিসহ আরও দেশকে এগিয়ে আসার আহ্বান জানান।
২০২৬ ফিফা বিশ্বকাপের উত্তরাধিকার কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত এই উদ্যোগের লক্ষ্য বিশ্বব্যাপী শিক্ষা সহায়তায় ১০০ মিলিয়ন ডলার সংগ্রহ। এরই অংশ হিসেবে ভেনেজুয়েলার শিক্ষা কার্যক্রমে প্রাথমিকভাবে ৫ লাখ ডলার অনুদান দেওয়া হবে।