দুইবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে, এবার জীবনের নতুন অধ্যায়

Share

মানসিক চাপ, পারিবারিক জটিলতা ও অর্থনৈতিক সংকটে একসময় গভীর হতাশায় ডুবে গিয়েছিলেন তরুণ অভিনেতা ও চিত্রগ্রাহক নাঈম তুষার। আত্মহত্যার চিন্তাও এসেছিল মনে। ঠিক সেই সময় যুবরাজ শামীমের সিনেমা ‘অতল’ তার জীবনে নতুন মোড় এনে দেয়।

নাঈমের ভাষায়, ‘অতল’-এর কাজ তাকে জীবনের নতুন অর্থ খুঁজে পেতে সাহায্য করেছে। সিনেমাটিতে নিজের সময়ের যন্ত্রণা ও অনুভূতিগুলোকে সৃজনশীলতার মাধ্যমে প্রকাশ করতে গিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি। ছবিটি ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে।

তবে এর আগেও কঠিন সময় পার করেছেন নাঈম। একসময় মাদকাসক্তিতে জড়িয়ে পড়লেও পরবর্তীতে নিজেকে বদলে সমাজের জন্য কাজ শুরু করেন। মাদকাসক্তদের পুনর্বাসনে গড়ে তোলেন ‘আমার হোম’ নামে একটি নিরাময় কেন্দ্র।

জীবনের অভিজ্ঞতা থেকে নাঈম মনে করেন, কঠিন পরিস্থিতি এলেও ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে নিতে হয়। তার কাছে বেঁচে থাকার অর্থ এখন অন্যের জন্য কিছু করা। অভিনয় তাকে নতুন জীবন দিলেও তার আসল ভালোবাসা ক্যামেরার পেছনের কাজ—চিত্রগ্রহণ। বর্তমানে তিনি যুবরাজ শামীমের নতুন সিনেমা ‘এক ঋতুর অনন্তকাল’ নিয়ে কাজ করছেন।