পর্দার বাইরে আমার জীবনটা খুব সাধারণ : স্পর্শিয়া

Share

পরপর দুটি আন্তর্জাতিক উৎসবে পুরস্কৃত হওয়ায় নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’ নিয়ে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তার ভাষায়, দীর্ঘ অপেক্ষার পর সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রশংসা পাওয়ায় পুরো টিমের প্রত্যাশা পূরণ হয়েছে।

স্পর্শিয়া জানান, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবন ও অনুভূতির গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। একই সঙ্গে গুণী নির্মাতা নূরুল আলম আতিকের সঙ্গে কাজ করাকে নিজের অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত নাটক ‘দ্য ফ্যামিলি’ কোটি ভিউ অতিক্রম করায় দর্শকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্পর্শিয়া। তার মতে, পারিবারিক গল্প সব সময়ই দর্শকের কাছে জনপ্রিয়, কারণ মানুষ নিজের জীবনের প্রতিফলন এসব গল্পে খুঁজে পায়।

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়েও সুখবর দিয়েছেন এই অভিনেত্রী। তিনি জানান, চলমান সিজনের গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে আগামী পর্বগুলোতেও তাকে নিয়মিত দেখা যাবে। তবে আপাতত নতুন কোনো সিনেমায় কাজ করছেন না বলেও জানিয়েছেন স্পর্শিয়া।