ওমরাহ পালন শেষে দেশে ফিরেই সুখবর পেলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তার অভিনীত চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ নির্বাচিত হয়েছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নের ‘ফ্রম দ্য সাবকন্টিনেন্ট’ বিভাগে।
আগামী ১৩ থেকে ২৩ আগস্ট অনুষ্ঠিতব্য উৎসবে ছবিটির অস্ট্রেলিয়া প্রিমিয়ার হবে। একই বিভাগে বাংলাদেশের আরও তিনটি সিনেমা—‘রইদ’, ‘তিলোপী’ ও ‘সেনসিটি’—স্থান পেয়েছে।
আসিফ ইসলাম পরিচালিত এই সিনেমায় ‘প্রিন্সেস রোজি’ চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। যাত্রাশিল্পের পরিবর্তন ও সংকটকে ঘিরে নির্মিত ছবিটির জন্য চরিত্রের প্রয়োজনে নিজেকে বিশেষভাবে প্রস্তুত করেছিলেন তিনি, এমনকি বাড়িয়েছিলেন প্রায় ৯ কেজি ওজন।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমার অংশগ্রহণকে বড় অর্জন হিসেবে দেখছেন ভাবনা। এর আগে ছবিটি ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আর্টকোর বিভাগেও নির্বাচিত হয়েছিল। শিগগিরই বাংলাদেশের দর্শকদের জন্য সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।