অভিনয় জীবনের ইতি টেনে রাজনীতিতে পুরোপুরি আত্মনিয়োগ করতে যাচ্ছেন তামিল মেগাস্টার থালাপতি বিজয়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তার অভিনীত শেষ সিনেমা। দীর্ঘ সাত মাসের অপেক্ষা ও সেন্সর জটিলতা কাটিয়ে আগামী ২৩ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ছবি ‘জন নয়গন’। তবে প্রেক্ষাগৃহে আসার আগেই অগ্রিম টিকিট বিক্রিতে নতুন রেকর্ড গড়ে বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি।
এইচ বিনোথ পরিচালিত ও কেভিএন প্রোডাকশনস প্রযোজিত সিনেমাটি চলতি বছরের জানুয়ারিতে মুক্তির কথা থাকলেও আইনি ও সেন্সর-সংক্রান্ত জটিলতায় তা পিছিয়ে যায়। সব প্রক্রিয়া শেষে সম্প্রতি সেন্সর বোর্ড সিনেমাটিকে ‘এ’ সনদ দেয়। ২৩ জুলাই মুক্তির দিন ধার্য হলেও ভারতে অগ্রিম বুকিং শুরু হতেই কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার টিকিট বিক্রি হয়ে যায়।
বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লির মতো শহরগুলোতে টিকিটের বিপুল চাহিদা দেখা গেছে। বিশেষ করে বেঙ্গালুরুতে প্রিমিয়াম রিক্লাইনার আসনের টিকিট ২ হাজার ৫০০ রুপি পর্যন্ত বিক্রি হলেও ভোরের শোগুলোর অধিকাংশ আসন মুহূর্তেই শেষ হয়ে যায়। অন্যদিকে তামিলনাড়ুতে সরকারি নিয়মানুযায়ী টিকিটের সর্বোচ্চ দাম ১৯০ রুপি হলেও, সেখানকার চেন্নাইয়ের কমলা সিনেমাস জানিয়েছে—বুকিং চালুর মাত্র কয়েক মিনিটের মধ্যেই ১০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে।
শুধু ভারতে নয়, আন্তর্জাতিক বাজারেও একই ধরনের উন্মাদনা তৈরি হয়েছে। যুক্তরাজ্যে ঘোষণার মাত্র এক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায় কয়েক হাজার টিকিট। বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার পর্দায় একযোগে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
২০২৩ সালের তেলুগু হিট সিনেমা ‘ভগবন্ত কেসরি’-র অফিসিয়াল রিমেক হিসেবে নির্মিত ‘জন নয়গন’-এ বিজয়কে একজন সাবেক পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে, যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন। ছবিটিতে বিজয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে, মামিতা বাইজু, প্রকাশ রাজ ও প্রিয়ামণি। বিজয়ের রূপালী পর্দার শেষ বিদায় বক্স অফিসে নতুন কোনো ইতিহাস গড়ে কি না, এখন সেটাই দেখার বিষয়।