প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে আবেগঘন স্মৃতিচারণ করেছেন অভিনেতা ফারুক আহমেদ। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বেদনার নাম হুমায়ূন আহমেদ।’
ফারুক জানান, অনেক দিন পর নুহাশপল্লীতে গিয়ে তার মনে হয়েছিল, ড্রয়িংরুমে বসে যেন হুমায়ূন আহমেদ নাটকের স্ক্রিপ্ট লিখছেন। কিন্তু বাস্তবের শূন্যতা তাকে গভীরভাবে নাড়া দেয়। লীলাবতী দিঘি, কদমগাছ—সবকিছু আগের মতোই আছে, শুধু নেই প্রিয় মানুষটি।
স্মৃতিচারণে অভিনয়ের নানা মুহূর্তও তুলে ধরেন ফারুক আহমেদ। নুহাশপল্লীর সেই কদমগাছের কথা মনে করে তিনি বলেন, একসময় এই গাছেই দাঁড়িয়ে অভিনয় করেছিলেন, আর নিচে থেকে হুমায়ূন আহমেদ তাকে আরও প্রাণবন্তভাবে সংলাপ বলতে উৎসাহ দিয়েছিলেন। নুহাশপল্লী থেকে ফেরার পথেও সেই স্মৃতি তাকে আবেগাপ্লুত করে তোলে।