দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরছেন লেখক তসলিমা নাসরিন। আগামী ১ আগস্ট নিজের স্মৃতিবিজড়িত এই শহরে এসে মৌলবাদবিরোধী একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি কবিতা পাঠ করবেন তিনি।
‘সেক্যুলার মিশন’, ‘পশ্চিমবঙ্গের জন্য’ ও ‘হিউম্যান রাইটস বিয়ন্ড ফ্রন্টিয়ার্স’-এর আয়োজনে কলকাতার রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। সেখানে আলোচনা ও কবিতা পাঠের মাধ্যমে দর্শকদের মুখোমুখি হবেন তসলিমা।
তাঁর কলকাতায় ফেরার আগেই ৩১ জুলাই প্রেক্ষাগৃহে পুনর্মুক্তি পাচ্ছে তসলিমার জীবনভিত্তিক চলচ্চিত্র ‘নির্বাসিত’। চূর্ণী গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত ছবিটিতে উঠে এসেছে তসলিমার নির্বাসন, একাকিত্ব ও বিচ্ছেদের বেদনার গল্প।
একসময় যে শহর ছাড়তে বাধ্য হয়েছিলেন তসলিমা, সেই কলকাতাতেই এবার নিজের জীবনের গল্প নিয়ে তৈরি ছবি দেখবেন তিনি। তাই লেখিকার প্রত্যাবর্তন ও ‘নির্বাসিত’-এর পুনর্মুক্তি ঘিরে তৈরি হয়েছে বিশেষ আবেগ ও আগ্রহ।