সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজল চোখের প্রশংসায় মুগ্ধ তানজিম সাইয়ারা তটিনী। অভিনেত্রী জানান, একসময় কাজল তার পছন্দের ছিল না। ছোট চোখ মনে হওয়ায় কাজল এড়িয়ে চলতেন তিনি। তবে গত দুই-তিন বছর ধরে কাজলের প্রতি ভালো লাগা তৈরি হয়েছে। এখন কাজল পরলে নিজেকে আরও মায়াবী মনে হয় বলেও জানান তিনি।
অভিনয়ের প্রশংসা তাকে আনন্দের পাশাপাশি আরও দায়িত্বশীল করে তোলে বলে মনে করেন তটিনী। ভালো গল্প ও চরিত্র বেছে নেওয়ার চেষ্টা করেন বলেই দর্শকের ভালোবাসা পাচ্ছেন বলে জানান তিনি। তার বেশির ভাগ নাটক কোটি ভিউ পাওয়ার পেছনে পুরো টিমের পরিশ্রমের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী।
ক্যারিয়ারে সাফল্য তাকে আরও ভালো করার অনুপ্রেরণা দেয় জানিয়ে তটিনী বলেন, নিজের যোগ্যতা প্রমাণ করাই এখন তার অন্যতম লক্ষ্য। দর্শক যেন তার কাজ দেখেই সাফল্যের মূল্যায়ন করেন—এটাই তার প্রত্যাশা।
সহশিল্পীদের মধ্যে জোভানের সঙ্গে তার জুটি দর্শকের কাছে বেশি জনপ্রিয় বলে মনে করেন তটিনী। তবে ইয়াশ ও তৌসিফের সঙ্গেও দর্শক তাকে পছন্দ করেন। সিনেমার প্রস্তাব পেলেও আপাতত নাটকেই মনোযোগ দিতে চান তিনি। ভবিষ্যতে ভালো গল্প ও শৈল্পিক ঘরানার সিনেমায় কাজ করার ইচ্ছা রয়েছে তার।