দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের বরেণ্য অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এক ভিডিও বার্তায় তিনি ঘটনার নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের একদিন পর প্রকাশিত ওই ভিডিওতে নাসিরুদ্দিন শাহ বলেন, দেশের নেতৃত্ব যদি অযোগ্য ও অশিক্ষিত হাতে থাকে, তবে সমাজও সেই দিকেই ধাবিত হওয়ার ঝুঁকিতে পড়ে। পুলিশের ভূমিকারও কঠোর সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, মুখে মুখোশ ও হাতে লাঠি নিয়ে পুলিশের আচরণ ছিল গুন্ডাদের মতো। একই সঙ্গে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নিজেদের সন্তানদের ভবিষ্যতের কথাও ভাবার আহ্বান জানান।
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘সাহস হারাবেন না। অসংখ্য মানুষ আপনাদের পাশে আছে। দেশের তরুণ প্রজন্মের ওপর আমার আস্থা আগের চেয়ে আরও বেড়েছে।’
অন্যদিকে দিল্লি পুলিশের দাবি, আন্দোলনকারীরা নিষেধাজ্ঞা অমান্য করে সহিংস আচরণ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হয়েছে। তবে আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ নির্বিচারে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও এমন দৃশ্য দেখা গেছে। এছাড়া, সাধারণ পোশাকধারী কিছু ব্যক্তিও হামলায় অংশ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শিক্ষাব্যবস্থার অনিয়ম, বিশেষ করে নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে চলমান এ আন্দোলনে ইতোমধ্যে সমাজকর্মী সোনম ওয়াংচুক ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীও সংহতি জানিয়েছেন। সরকার ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনা হলেও বিক্ষোভ এখনো অব্যাহত রয়েছে।