আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্র ‘মাস্তুল’ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সিনেমাটি দেখার পর ফেসবুকে তিনি অভিনয়, নির্মাণশৈলী ও গল্প বলার ধরনকে অসাধারণ বলে প্রশংসা করেন। বিশেষ করে ফজলুর রহমান বাবুর সংলাপহীন অথচ গভীর আবেগময় অভিনয়, পাশাপাশি আমিনুর রহমান মুকুল, দীপক সুমন ও শিশু শিল্পী আনাইরার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন তিনি।
পোস্টের শেষে বাঁধন দর্শকদের দেশীয় চলচ্চিত্রের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সীমিত বাজেট ও নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের নির্মাতারা আন্তরিকভাবে কাজ করছেন। তাই সুযোগ হলে প্রেক্ষাগৃহে গিয়ে ‘মাস্তুল’ দেখার অনুরোধ জানান তিনি। উল্লেখ্য, ১৭ জুলাই মুক্তি পাওয়া চলচ্চিত্রটি এরই মধ্যে ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল মেনশন’ সম্মাননা অর্জন করেছে।