ঢাকায় পা রেখেই বড় ঘোষণা দিলেন আতিফ আসলাম

Share

দীর্ঘ বিরতির পর নিজের পছন্দের গান নিয়ে নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ঢাকায় এসে ভক্তদের এই সুখবর দিয়েছেন তিনি। বুধবার (২৩ জুলাই) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে সংবাদ সম্মেলনে আতিফ জানান, আগামী ৩১ জুলাই প্রকাশ হবে তার নতুন অ্যালবাম ‘সুবাহ্‌ আয়না’।

প্রায় আট বছর ধরে তৈরি করা এই অ্যালবামে থাকছে আটটি গান। আতিফ জানান, দীর্ঘদিন চলচ্চিত্রের গান ও কনসার্টে ব্যস্ত থাকায় নিজের পছন্দের গান প্রকাশের সুযোগ হয়নি। এবার সেই কাজটি করতে পেরে তিনি আনন্দিত এবং ভবিষ্যতে প্রতি বছর একটি করে অ্যালবাম প্রকাশের পরিকল্পনা রয়েছে তার।

ঢাকার আসন্ন কনসার্টে নতুন অ্যালবামের গান পরিবেশন না করার কথা জানিয়ে আতিফ বলেন, অ্যালবাম প্রকাশের পরই নতুন গান নিয়ে ফিরবেন তিনি। পাশাপাশি বাংলাদেশের দর্শক, খাবার ও সংগীতাঙ্গনের প্রশংসা করেন এই গায়ক। রুনা লায়লাকে ‘লেজেন্ড’ আখ্যা দিয়ে তার সঙ্গে কাজের অভিজ্ঞতাও স্মরণ করেন।

বাংলা গান গাওয়ার আগ্রহ প্রকাশ করে আতিফ জানান, ভাষার প্রতি সম্মান রেখেই সঠিক উচ্চারণ আয়ত্ত করার পর তিনি বাংলা গান করতে চান। বাংলাদেশের দর্শকদের ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, এ দেশের শ্রোতাদের উচ্ছ্বাস তাকে সবসময় মুগ্ধ করে।

উল্লেখ্য, ২২ জুলাই রাতে ঢাকায় পৌঁছান আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে তার কনসার্ট ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’।