টম হল্যান্ড অভিনীত মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তির আগেই ভারতে অগ্রিম টিকিট বিক্রিতে নতুন মাইলফলক অর্জন করেছে। প্রদর্শনের প্রায় এক সপ্তাহ বাকি থাকতেই দেশটির প্রধান প্রধান মাল্টিপ্লেক্স চেইনগুলোতে উদ্বোধনী দিনের জন্য ২ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে।
বক্স অফিস বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ভারতের জনপ্রিয় জাতীয় মাল্টিপ্লেক্স চেইন পিভিআর, ইনক্স এবং সিনেপোলিসে ছবিটির প্রথম দিনের টিকিট বিক্রির সংখ্যা ইতোমধ্যে ২ লাখ ছাড়িয়েছে। অগ্রিম বুকিং শুরু হওয়ার পর মাত্র কয়েক দিনের মধ্যে এই বিপুল সাড়া দেখে ধারণা করা হচ্ছে, প্রথম সপ্তাহান্তেই (Opening Weekend) টিকিট বিক্রির সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যেতে পারে।
যুক্তরাষ্ট্রে ছবিটির বিশ্বমুক্তির নির্ধারিত সময়ের ঠিক একদিন আগে, অর্থাৎ ৩০ জুলাই ভারতে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। নিজ দেশে মুক্তির আগেই বড় পর্দায় স্পাইডার-ম্যানকে দেখার সুযোগ তৈরি হওয়ায় ভারতীয় দর্শকদের মাঝে বাড়তি আগ্রহ ও উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।
অগ্রিম বুকিংয়ের এই জোয়ার অব্যাহত থাকলে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ভারতে হলিউড সিনেমার ইতিহাসে অন্যতম সেরা ও সর্বোচ্চ আয়ের উদ্বোধনী রেকর্ড গড়তে পারে বলে আশা করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা।