দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়াগান’ মুক্তি পাচ্ছে। রাজনৈতিক জীবনে পূর্ণ মনোযোগ দেওয়ার আগে এটিই পর্দায় বিজয়ের শেষ সিনেমা হতে যাচ্ছে। তাই প্রিয় নায়ককে শেষবারের মতো রূপালি পর্দায় দেখতে ভক্তদের মধ্যে কাজ করছে অনবদ্য উন্মাদনা।
এইচ. বিনোথ পরিচালিত এই অ্যাকশন-ড্রামা সিনেমাটি দীর্ঘদিন নানা জটিলতার কারণে মুক্তির অনিশ্চয়তায় ছিল। বারবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার পাশাপাশি গত ৯ এপ্রিল সিনেমাটির একটি এইচডি প্রিন্ট অনলাইনে ফাঁস হয়ে নির্মাতাদের নতুন সংকটে ফেলে দেয়। তবে পরবর্তীতে পুলিশ জড়িতদের গ্রেফতার করে এবং সব বাধা কাটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে পা রাখছে ছবিটি।
কোনো বড় ধরনের ঢাকঢোল বা জমকালো প্রচারণা ছাড়াই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে সিনেমাটি। ভারতীয় গণমাধ্যম ‘বলিউড লাইফ’-এর তথ্য অনুযায়ী, অগ্রিম টিকিট বুকিং শুরুর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ভারতে ৬ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। মুক্তির আগেই কেবল অভ্যন্তরীণ অগ্রিম বুকিং থেকে আয় দাঁড়িয়েছে প্রায় ১৫ কোটি টাকা। অন্যদিকে, প্রথম সপ্তাহান্তের জন্য বিশ্বব্যাপী এর প্রি-সেল বুকিং ২৭ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
বর্তমানে পুরো ভারতজুড়ে সিনেমাটির প্রায় ৮ হাজার শো নির্ধারণ করা হয়েছে। টিকিটের এই আকাশচুম্বী চাহিদা সামলাতে অনেক প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে বেশ বেগ পেতে হচ্ছে।
অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গীতে নির্মিত ‘জন নায়াগান’ সিনেমাটিতে থালাপতি বিজয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিতা বাইজু, ববি দেওল ও প্রকাশ রাজ। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, বিজয়ের বিদায়ী সিনেমা হিসেবে ‘জন নায়াগান’ বক্স অফিসে উদ্বোধনী দিনেই সর্বকালের অন্যতম সেরা আয়ের নতুন রেকর্ড গড়তে যাচ্ছে।