মার্ভেলে ‘ঘোস্ট রাইডার’ হচ্ছেন রায়ান গসলিং

Share

হলিউড তারকা রায়ান গসলিং মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) যোগ দিচ্ছেন। তিনি জনপ্রিয় সুপারহিরো ‘ঘোস্ট রাইডার’ চরিত্রে অভিনয় করবেন।

সান ডিয়েগো কমিক-কনের হল এইচ মঞ্চে মার্ভেল স্টুডিওসের প্রধান কেভিন ফাইগি এ ঘোষণা দেন। ছবিটি ২০২৮ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।

সিনেমাটি পরিচালনা করবেন শন লেভি। এর আগে তিনি ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন। ২০২৭ সালে মুক্তির অপেক্ষায় থাকা ‘স্টার ওয়ার্স: স্টারফাইটার’-এও একসঙ্গে কাজ করেছেন শন লেভি ও রায়ান গসলিং। জানা গেছে, সেই সিনেমার শুটিংয়ের সময়ই ‘ঘোস্ট রাইডার’ চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন গসলিং।

এর আগে নিকোলাস কেজ ২০০৭ ও ২০১১ সালে সনি পিকচার্সের দুটি সিনেমায় জনি ব্লেজ চরিত্রে অভিনয় করেছিলেন। পরে মার্ভেলের ‘এজেন্টস অব শিল্ড’ সিরিজে গ্যাব্রিয়েল লুনা অভিনয় করেন রবি রেইস সংস্করণের ঘোস্ট রাইডার চরিত্রে।

‘প্রজেক্ট হেইল মেরি’ ও আসন্ন ‘স্টার ওয়ার্স: স্টারফাইটার’-এর পর এবার ‘ঘোস্ট রাইডার’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে রায়ান গসলিংয়ের ক্যারিয়ারে যোগ হচ্ছে নতুন এক অধ্যায়। ইতোমধ্যেই প্রিয় তারকাকে আগুনে মোড়া মোটরসাইকেলচালক সুপারহিরোর রূপে দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।