রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মামলাটি দায়ের করা হয়। এতে ডিপজলের পাশাপাশি তার ম্যানেজার আব্দুল গণি ও ব্যক্তিগত সহকারী খোকনকে আসামি করা হয়েছে।
আদালত অভিযোগটি তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনারকে নির্দেশ দিয়েছেন।মামলার অভিযোগে বলা হয়েছে, ব্যবসায়ী আজিজুর রহমান টাইগারের সুনাম ও ব্যবসায়িক সফলতায় ঈর্ষান্বিত হয়ে ডিপজল তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্য ও প্রচারণা চালান।
অভিযোগ অনুযায়ী, গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার দারুস সালাম থানায় একটি জিডি করেন। তবে তদন্তে টাইগারের বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ পায়নি পুলিশ।
বাদীর দাবি, এরপর ডিপজল ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচার করে নাভানা সিএনজির সম্পত্তিকে নিজের বলে দাবি করেন, যা তার সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করেছে। এতে তার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।