ইউটিউবে ৬০০ কোটি ভিউ, ১৪ বছরেও অপ্রতিরোধ্য ‘গ্যাংনাম স্টাইল’

Share

মুক্তির ১৪ বছর পরও বিশ্বজুড়ে জনপ্রিয়তা ধরে রেখেছে দক্ষিণ কোরিয়ার গায়ক সাইয়ের কালজয়ী গান ‘গ্যাংনাম স্টাইল’। ইউটিউবে গানটির মিউজিক ভিডিও ৬০০ কোটি (৬ বিলিয়ন) ভিউ অতিক্রম করেছে, যা কে-পপ ইতিহাসে প্রথম।

সোমবার সাইয়ের প্রতিষ্ঠান পি নেশন এ তথ্য নিশ্চিত করেছে। ২০১২ সালের জুলাইয়ে প্রকাশিত গানটি গত শুক্রবার ৬০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করে।

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে ভিডিওটি ৫০০ কোটি ভিউ অতিক্রম করেছিল। পরবর্তী ১০০ কোটি ভিউ পেতে সময় লেগেছে প্রায় দুই বছর সাত মাস।

মুক্তির পর থেকেই ব্যতিক্রমী মিউজিক ভিডিও, সহজে অনুকরণযোগ্য নাচ এবং আকর্ষণীয় সুরের কারণে বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে ‘গ্যাংনাম স্টাইল’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পাশাপাশি এটি কে-পপকে আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২০১২ সালের ডিসেম্বরে ‘গ্যাংনাম স্টাইল’ ইউটিউবের ইতিহাসে প্রথম ভিডিও হিসেবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়েছিল। একই বছর গানটি বিলবোর্ড হট ১০০ চার্টে টানা সাত সপ্তাহ দ্বিতীয় স্থানে ছিল।

সাইয়ের আসল নাম পার্ক জে-সাং। ২০০১ সালে প্রথম অ্যালবাম প্রকাশের মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন তিনি। বর্তমানে ৪৮ বছর বয়সী এই শিল্পী নিজের প্রতিষ্ঠান পি নেশন পরিচালনার পাশাপাশি প্রতিবছর গ্রীষ্মে জনপ্রিয় ‘সামার সোয়াগ’ কনসার্ট আয়োজন করে থাকেন।