ধীরে ধীরে শ্রবণশক্তি হারাচ্ছেন আনুশেহ আনাদিল, গান ছাড়ার ইঙ্গিত

Share

ধীরে ধীরে শ্রবণশক্তি হারাচ্ছেন লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।
আনুশেহ জানান, তিনি ‘টিনিটাস’ সমস্যায় ভুগছেন। এ কারণে কানে সবসময় এক ধরনের শব্দ শোনা যায়, যা ধীরে ধীরে তাঁর শ্রবণশক্তিকে ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি উচ্চ শব্দও এখন তাঁর জন্য অসহনীয় হয়ে উঠেছে।


অনেকদিন গান থেকে দূরে থাকার কারণ জানিয়ে তিনি লেখেন, “আমি শুধু সত্যিটা বলতে চেয়েছিলাম—কেন আমি আর গান করি না। আমি ধীরে ধীরে আমার শোনার ক্ষমতা হারাচ্ছি। কানের ভেতরের শব্দ এতটাই তীব্র যে উচ্চ শব্দ আর সহ্য করতে পারি না। এতে আমার কানে ব্যথা হয়।”
তিনি আরও জানান, চিকিৎসকদের পরামর্শে হিয়ারিং এইড ব্যবহার করলেও সেটি তাঁর টিনিটাস আরও বাড়িয়ে দিচ্ছিল বলে মনে হওয়ায় ব্যবহার বন্ধ করে দিয়েছেন।
বর্তমানে শান্ত পরিবেশে থাকতে তিনি গ্রামকে বেছে নিয়েছেন। নিজের প্রতিষ্ঠিত সরলবাড়ি ইকো রিসোর্টে বসবাস করছেন, যেখানে বাউলশিল্পীদের জন্যও একটি আশ্রমের পরিবেশ গড়ে উঠেছে।


বাংলাদেশের লোকসংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী আনুশেহ আনাদিল বাউল, লালন ও মরমি গানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ব্যান্ড ‘বাংলা’–র মাধ্যমে তিনি দেশীয় লোকসংগীতকে নতুনভাবে উপস্থাপন করেছেন। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘তোমার ঘরে বসত করে কয়জনা’, ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা’, ‘সহজ মানুষ’, ‘কৃষ্ণপক্ষ’ ও ‘আমি ওপার হয়ে’।
গান থেকে সরে থাকার কারণ প্রকাশের পর ভক্ত-শ্রোতারা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে উদ্বেগ ও ভালোবাসা প্রকাশ করেছেন।