ভারতের জনপ্রিয় রিয়‍্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

Share

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার হাজির হচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সান বাংলার রিয়্যালিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ বিশেষ অতিথি হিসেবে। আগামী ৩১ জুলাই সন্ধ্যা ৭টায় সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব।

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নিয়ে জয়া প্রতিযোগীদের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেন এবং তাদের জীবনসংগ্রামের গল্প শুনে অনুপ্রেরণা দেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারীদের অংশগ্রহণে সাজানো এই অনুষ্ঠানটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়।

এদিকে, বড় পর্দায় কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমা নিয়ে প্রশংসা কুড়াচ্ছেন জয়া। সিনেমার সাফল্যের মধ্যেই ছোট পর্দার এই বিশেষ উপস্থিতি তার ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।