ভারতের বিতর্কিত ‘নিট’ (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা শিক্ষার্থী আন্দোলন এক নতুন মোড় নেয়, যখন আন্দোলনের চাপের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। একসময় যে দাবি অনেকের কাছেই অসম্ভব বলে মনে হয়েছিল, তা বাস্তবে রূপ দেওয়ায় দেশটির তরুণ প্রজন্মের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা কিরণ রাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় সংবিধানের একটি ছবি শেয়ার করে কিরণ রাও আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি লেখেন, “জেন জি, তোমরা সত্যিই প্রমাণ করে দিয়েছ—যা একসময় অসম্ভব মনে হয়েছিল, তা-ও সম্ভব। রসবোধ, আত্মবিশ্বাস, প্রজ্ঞা এবং সহমর্মিতার মাধ্যমে তোমরা আন্দোলনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছ।”
তিনি আরও বলেন, “তোমাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তোমাদের দূরদর্শিতা আমাদের নতুন করে আশাবাদী হতে শিখিয়েছে। আমরা চিরকাল তোমাদের কাছে ঋণী থাকব।”
শুধু শিক্ষার্থীদেরই নয়, আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ‘ককরোচ জনতা পার্টি’র সদস্যদেরও প্রশংসা করেন কিরণ রাও। তাদের উদ্দেশে তিনি লেখেন, “তোমরা সাহসী ও ব্যতিক্রমী নেতৃত্বের পরিচয় দিয়েছ। তবে এখানেই থেমে গেলে চলবে না। ঐক্য, স্বাধীনতা এবং ন্যায়ের পথে দীর্ঘ পথচলার জন্য এখনই প্রস্তুত হওয়ার সময়।”
উল্লেখ্য, সামাজিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে বরাবরই সরব কিরণ রাও। লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকের আন্দোলন থেকে শুরু করে শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবির পক্ষেও অতীতে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন তিনি।