বাংলা নাটকের দর্শকদের কাছে ইউটিউব ভিউ এখন জনপ্রিয়তার অন্যতম বড় সূচক। দীর্ঘদিন ধরে সবচেয়ে বেশি দেখা বাংলা নাটকের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিল জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত ‘বড় ছেলে’। তবে সময়ের সঙ্গে সেই অবস্থানে পরিবর্তন এসেছে। বর্তমানে নাটকটি নেমে এসেছে তৃতীয় স্থানে, আর দ্বিতীয় স্থান দখল করেছে ‘মামার বাড়ি’।
বর্তমানে ইউটিউবে সর্বাধিক দেখা বাংলা নাটকের তালিকার শীর্ষে রয়েছে ‘শ্বশুরবাড়িতে ঈদ’। মহিন খান পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি ও তারিক আনাম খান। গল্পে দেখা যায়, এক নবদম্পতির প্রথম ঈদ উদযাপনকে ঘিরে শ্বশুরবাড়ির পারিবারিক সম্পর্ক, হাস্যরস, ভুল বোঝাবুঝি ও আবেগঘন নানা মুহূর্ত। নাটকটি এখন পর্যন্ত প্রায় ৭৪ মিলিয়ন দর্শক দেখেছেন।
দ্বিতীয় স্থানে রয়েছে মহিন খান পরিচালিত আরেক জনপ্রিয় নাটক ‘মামার বাড়ি’। নিলয় আলমগীর ও হিমি অভিনীত এই নাটকের গল্প আবর্তিত হয়েছে গ্রামীণ পারিবারিক সম্পর্ক ও জমিজমা নিয়ে মজার সব ঘটনার মধ্য দিয়ে। সহজ-সরল কাহিনি ও প্রাণবন্ত অভিনয়ের কারণে নাটকটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউবে এর ভিউ ৬১ মিলিয়ন ছাড়িয়েছে।
একসময় ইউটিউবে বাংলা নাটকের সবচেয়ে বেশি দেখা নাটক ছিল ‘বড় ছেলে’। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই নাটকে অপূর্ব ও মেহজাবীন চৌধুরীর অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়েছিল। মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের দায়িত্ব, ত্যাগ এবং পরিবারের জন্য নিজের স্বপ্ন বিসর্জনের গল্প নিয়ে নির্মিত নাটকটি এখনও দর্শকদের আবেগের অন্যতম প্রতীক। বর্তমানে এর ভিউ ৫৮ মিলিয়ন, যা এটিকে তালিকার তৃতীয় স্থানে রেখেছে।
চতুর্থ স্থানে রয়েছে ‘সংসার আমার ভাল্লাগে না’। মহিন খান পরিচালিত এই নাটকেও জুটি বেঁধেছেন নিলয় আলমগীর ও হিমি। সংসার এড়িয়ে চলতে চাওয়া এক তরুণের দাম্পত্য জীবনের নানা টানাপোড়েন, ভুল বোঝাবুঝি ও হাস্যরসাত্মক ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে এর গল্প। নাটকটি এখন পর্যন্ত ৫৭ মিলিয়ন দর্শক দেখেছেন।
পঞ্চম স্থানে রয়েছে ‘ভুলো না আমায়’। জাকারিয়া সৌখিন পরিচালিত এই নাটকের গল্প লিখেছেন তিনি ও সোহেল রানা। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। গ্রামীণ পটভূমিতে প্রেম, বিচ্ছেদ ও সম্পর্কের নানা আবেগঘন মুহূর্ত নিয়ে নির্মিত নাটকটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ইউটিউবে এর ভিউ বর্তমানে ৫৫ মিলিয়ন।