ভারতীয় র্যাপার বাদশা ও অভিনেত্রী ঈশা রিখির দাম্পত্য নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। বিয়ের মাত্র চার মাসের মাথায় ঈশার একটি রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
পোস্টে ঈশা লিখেছেন, দীর্ঘদিন তিনি নীরব ছিলেন, কারণ ভয় ও পরিস্থিতি তাকে চুপ থাকতে বাধ্য করেছিল। তিনি আরও বলেন, তার নীরবতাকে যেন কখনো সম্মতি হিসেবে ধরা না হয়। তবে পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি বা কোনো নির্দিষ্ট ঘটনার কথাও জানাননি।
এর আগে বাদশার সঙ্গে বিয়ের মুহূর্তের ভিডিও শেয়ার করে ঈশা লিখেছিলেন, ‘প্রতিটি ঝড় একটি শিক্ষা, প্রতিটি প্রার্থনা একটি আশা।’ সেই পোস্টের পরও তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছিল।
চলতি বছরের মার্চের শেষ দিকে দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ে করেন বাদশা ও ঈশা রিখি। তবে ঈশার সাম্প্রতিক পোস্ট নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি বাদশা।