ঢাকার একটি অভিজাত হোটেলে নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলী’-এর মহরত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নির্মাতা, অভিনয়শিল্পী, কলাকুশলী ও অতিথিদের উপস্থিতিতে ছবিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
চলচ্চিত্রটির অন্যতম অভিনেত্রী কলকাতার মধুমিতা বলেন, “আমি এর আগে এ ধরনের চরিত্রে কখনো অভিনয় করিনি। চরিত্রটি আমার জন্য একেবারেই নতুন এবং চ্যালেঞ্জিং। তাই শুরু থেকেই নিজেকে ভিন্নভাবে প্রস্তুত করছি। আশা করছি দর্শক আমাকে নতুন রূপে দেখতে পাবেন।”
তিনি জানান, মহরত শেষে ছবিটির শুটিং শুরু হবে এবং পুরো টিম আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
নির্মাতা মো. ইকবাল বলেন, ‘গুলশানের চামেলী’ ভিন্নধর্মী গল্পের একটি চলচ্চিত্র। গল্প, অভিনয় ও নির্মাণশৈলীতে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। শিগগিরই ছবিটির নিয়মিত শুটিং শুরু হবে এবং পর্যায়ক্রমে আরও তথ্য প্রকাশ করা হবে।